অবশেষে মারা গেলো শিশু হুজাইফা।
অবশেষে মারা গেলো শিশুঅবশেষে মারা গেলো শিশু হুজাইফা।   ছবি: সংগৃহীত

মিয়ানমার সীমান্ত থেকে ছোঁড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফাকে আর বাঁচানো গেলনা। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফা সুলতানা আফনানের মৃত্যু হয়।

তার মামা মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত হুজাইফাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

১১ জানুয়ারি সকাল ৯টায় বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা। এদিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে গুলি রয়ে গেছে। মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ জানান, ১০ জানুয়ারি রাতে সীমান্তের ওপারে টানা গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরদিন সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় শিশুটি খেলতে বাইরে বের হয়। এ সময় আবারও গোলাগুলি শুরু হলে একটি গুলি এসে তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

এমআর/আরটিএনএন