ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়,
বিএনপির জয়ে রাবিতে দোয়া মাহফিল   ছবি: আরটিএনএন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয় অর্জন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ এবং ইউট্যাব। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ বিভিন্ন সময়ে দেশের জন্য শহীদ, আহত, গুম হওয়া সকলের জন্য দোয়া করা হয়। 

দোয়া মাহফিলে জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম-এর সঞ্চালনায় ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় বেগম খালেদা জিয়া লড়াইয়ের ফলেই অর্জিত হয়েছে। আমরা খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলীম বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের ফলে আগামীকাল বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছেন। দুদিন আগেও আমরা নির্বাচন নিয়ে শঙ্কায় ছিলাম—নির্বাচন বাতিল হয়ে যায় কিনা এ নিয়ে। আমরা ভূমিধস বিজয় অর্জন করলেও আমাদের মনে ক্ষতের জায়গা থেকে যায়, কারণ এ বিজয় বেগম খালেদা জিয়া দেখে যেতে পারেননি। আমরা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।

জিয়া পরিষদ রাবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. হাবীবুর রহমান বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের নেত্রী মরহুম খালেদা জিয়া কতই না চেষ্টা করেছেন। দেশের মানুষ বিএনপিকে ভালোবেসে ক্ষমতায় নিয়ে এসেছে। এই ক্ষমতা আমাদের জন্য আমানত স্বরূপ। জনগণের এ আমানত আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করবো, ইনশাআল্লাহ। তবে আমাদের বিশ্বাস আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই গুরু দায়িত্ব ভালোভাবেই পালন করবেন।

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, এবারের বিজয়ের পরে কিন্তু কোথাও হাঙ্গামা-দাঙ্গা হয়নি। এটাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কারিশমা। শহীদ জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা—তাঁর গায়ে কোনো কালি নেই। নতুন একটি বাংলাদেশ গড়ার জন্যই জনগণ বিএনপিকে বিজয়ী করেছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

দোয়া পরবর্তী সাক্ষাতে কলা অনুষদের সাবেক ডিন ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফজলুল হক বলেন, জনগণ বাংলাদেশ পরিচালনার পবিত্র দায়িত্ব বিএনপির হাতে তুলে দিয়েছেন। এ দায়িত্বপালনে সকল বৈষম্য দূরীভূত করে দেশ নায়ক তারেক রহমান জনকল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাস্ট্র পরিচালনার করবেন, সেই প্রত্যাশা করছি।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।