হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কলেজ ছাত্রদলের এক নেতার নেতৃত্বে প্রাণ কোম্পানির মুরগিবাহী গাড়ি আটকে প্রায় ১৬০টি মুরগি চুরির অভিযোগ উঠেছে। এ সময় গাড়ির চালক ও সহকারীর কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১০টার পর উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর গ্রামে অবস্থিত প্রাণ–আরএফএল গ্রুপের হবিগঞ্জ এগ্রো লিমিটেড থেকে লেয়ার মুরগি নিয়ে একটি গাড়ি বের হলে এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির উছমানপুরস্থ হবিগঞ্জ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপক মাসুদ আহমেদ বলেন, প্রতিদিনের মতো ওই রাতে কোম্পানির মুরগিবাহী গাড়িটি খামার থেকে বের হওয়ার পর ৩ নম্বর গেটের সামনে পৌঁছালে একদল যুবক গাড়ির গতিরোধ করে। এ সময় গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল মিয়ার (ফারহান শাকিল) নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক জোরপূর্বক গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, ওই সময় গাড়ির চালক ও সহকারীর কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে কোম্পানির সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে গেলে তাঁর মোটরসাইকেলের চাবিও নিয়ে নেয় অভিযুক্তরা। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোম্পানির ব্যবস্থাপক মাসুদ আহমেদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাকিল গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি। তাঁর নেতৃত্বে এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজির একটি গ্রুপ সক্রিয় রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
তবে গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াদ আহমেদ ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বলেন, শাকিল ফারহান গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের গঠিত কমিটির সভাপতি হলেও দলীয় কোনো আন্দোলন–সংগ্রামে তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ছিনতাইকারী বা চাঁদাবাজ যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!