ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের  সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।   ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৪০) নামের এক পিকআপ যাত্রী নিহত হন। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে।

এছাড়া বাসে থাকা অন্তত ৩৫ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

আহতদের অনেকের হাত, পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস ও টেকেরহাট থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।