বলিউডে গোবিন্দর স্ত্রী সুনীতা
বলিউডে গোবিন্দর স্ত্রী সুনীতা   ছবি: সংগৃহীত

বলিউডে অভিনয়ের পথে পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা। একতা কাপুর প্রযোজিত একটি সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। বালাজি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত এই ছবিটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ইন্ডিয়া টুডে জানায়, একতা কাপুরের প্রযোজনায় নির্মিত ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে সুনীতাকে। ৫৮ বছর বয়সি এই তারকাপত্নী প্রায় ২০ দিন শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে। তবে সিনেমার গল্প, চরিত্র কিংবা অন্যান্য অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ নিয়ে সুনীতা কিংবা সিনেমার নির্মাতা পক্ষ থেকেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দীর্ঘদিন ধরে গোবিন্দের স্ত্রী ও সংসার সামলানোর পরিচয়েই পরিচিত ছিলেন সুনীতা আহুজা। অভিনয়ের সুযোগ থাকা সত্ত্বেও তিনি কখনোই রুপালি পর্দায় আসেননি। গত বছরের শুরুতে হিন্দি রুশকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সন্তানদের বড় করে তোলাই ছিল তার জীবনের প্রধান অগ্রাধিকার।

সাক্ষাৎকারে সুনীতা বলেন, অভিনয় একটি কঠিন পেশা হলেও এখন তার হাতে সময় আছে বলে তিনি নতুন কিছু করার কথা ভাবছেন। পডকাস্ট বা অন্য কোনো কাজ নিয়েও ভাবনার কথা জানান তিনি। সন্তানদের মানুষ করাই ছিল তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব এ কথা বারবার উল্লেখ করেন গোবিন্দপত্নী।

দুই সন্তান টিনা ও যশবর্ধনকে নিজের ‘চোখের মণি’ উল্লেখ করে সুনীতা বলেন, তিনি কখনোই সন্তানদের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দিতে চাননি। মা হিসেবে শতভাগ সময় ও ভালোবাসা সন্তানদের জন্য দিতে চেয়েছেন।

এদিকে সুনীতা আহুজার বলিউডে অভিষেকের খবর এসেছে এমন এক সময়ে, যখন তিনি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন। ১৯৮৭ সালে গোবিন্দকে বিয়ে করলেও দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত জীবনকেই গুরুত্ব দিয়েছেন তিনি। গত বছর গোবিন্দের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে প্রকাশ্যে কথা বলেন সুনীতা। এতে তাদের সংসার ভাঙার গুঞ্জনও ছড়ায়। যদিও শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

৩৯ বছরের দাম্পত্য জীবনে গোবিন্দ ও সুনীতার দুই সন্তান রয়েছে। তাদের মেয়ে টিনা আহুজা ইতোমধ্যে অভিনয়ে নাম লিখিয়েছেন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা যায় তাকে। অন্যদিকে ছেলে যশবর্ধন আহুজারও খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে পরিচালক সাই রাজেশের হাত ধরে।

সিমু/আরটিএনএন