জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশা আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। এবার একটি হারিয়ানভি গান নিয়ে বিতর্কের জেরে তার বিরুদ্ধে পানিপথ ও পঞ্চকুলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
১ মার্চ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টাটেরি’ শিরোনামের একটি হারিয়ানভি গান প্রকাশ করেন তিনি। গানটি প্রকাশের পরই এর ভিডিও নিয়ে সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন স্কুলপোশাক পরা ছাত্রী কাঁধ থেকে স্কুলব্যাগ নামিয়ে নাচ শুরু করছে। এই দৃশ্য ঘিরেই মূল আপত্তির সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে এমন নাচ ছোট শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা দিতে পারে।
ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন। সংস্থাটির সভাপতি রেনু ভাটিয়া বলেন, গানের কিছু শব্দ অত্যন্ত আপত্তিকর এবং এতে স্পষ্ট যৌন ইঙ্গিত রয়েছে। তার মতে, এ ধরনের গান তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক সামাজিক প্রভাব ফেলতে পারে। এ কারণে কমিশনের পক্ষ থেকে পানিপথ থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
এ ছাড়া পঞ্চকুলার অভয় চৌধুরী নামে এক ব্যক্তি বাদশার বিরুদ্ধে আলাদা অভিযোগ করেছেন। তার দাবি, ভিডিওতে স্কুলছাত্রীদের যেভাবে দেখানো হয়েছে তা কুরুচিপূর্ণ।
এই অভিযোগের ভিত্তিতে গায়কের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। জানা গেছে, আগামী ১৬ মার্চ এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগেও একটি গান নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বাদশা। প্রবীণ লোকশিল্পী রতন কাহারের জনপ্রিয় গান ‘বড়লোকের বেটি’ নতুনভাবে তৈরি করে কপিরাইট ও লোকসংগীতের অবমাননার অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন গানকে কেন্দ্র করে আবারও আইনি লড়াইয়ের মুখে পড়লেন এই শিল্পী।
সূত্র : দি ইকোনমিক টাইমস
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!