অস্কারে উপস্থাপক হবেন প্রিয়াঙ্কা চোপড়া।
অস্কারে উপস্থাপক হবেন প্রিয়াঙ্কা চোপড়া।   ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য প্রদত্ত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। আগামী ১৫ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস। সেই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

এবারের অস্কারের আসরে প্রিয়াঙ্কার পাশাপাশি উপস্থাপক হিসেবে আরও দেখা যাবে হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর মতো খ্যাতিমান তারকাদের। বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর একসঙ্গে মঞ্চে উপস্থিতি ‘আয়রন ম্যান’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বড় চমক হতে যাচ্ছে।

প্রিয়াঙ্কা তার পোস্টে আসন্ন এই অনুষ্ঠানের জন্য নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে চলতি বছরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসেও কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার উপস্থাপনা করে বিশ্বমঞ্চে নিজের জোরালো উপস্থিতির জানান দিয়েছিলেন এই অভিনেত্রী।

ভারতীয় তারকা হিসেবে প্রিয়াঙ্কার আগে ৯৫তম অস্কারে উপস্থাপক হিসেবে মঞ্চে ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই আসরে তিনি ‘আরআরআর’ সিনেমার বিশ্বখ্যাত গান ‘নাটু নাটু’র পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবারের ৯৮তম অস্কার আসরের সঞ্চালনায় আরও থাকবেন জনপ্রিয় উপস্থাপক কোনান ও’ব্রায়েন।

এই বছর ১৬টি মনোনয়ন নিয়ে অস্কারের দৌড়ে শীর্ষে রয়েছে ‘সিনার্স’ সিনেমাটি। সেরা অভিনেতা ও অভিনেত্রী বিভাগে তিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেসি বাকলির মতো তারকারা লড়াই করছেন।