কোলেস্টেরল বেড়ে গেলে  শরীর কিছু সূক্ষ্ম সংকেত দেয়, যেগুলো সময়মতো বুঝতে পারলে বড় বিপদ এড়ানো সম্ভব।
কোলেস্টেরল বেড়ে গেলে শরীর কিছু সূক্ষ্ম সংকেত দেয়, যেগুলো সময়মতো বুঝতে পারলে বড় বিপদ এড়ানো সম্ভব।   ছবি: সংগৃহীত

বর্তমান ব্যস্ত জীবনে অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার এবং শারীরিক পরিশ্রমের অভাব সব মিলিয়ে নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এর মধ্যে অন্যতম হলো উচ্চ কোলেস্টেরল, যা ধীরে ধীরে শরীরে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে।

কোলেস্টেরল বেড়ে গেলে ধমনির ভেতরে চর্বি জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। সমস্যা হলো, এটি দীর্ঘ সময় কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই বাড়তে থাকে। তবে শরীর কিছু সূক্ষ্ম সংকেত দেয়, যেগুলো সময়মতো বুঝতে পারলে বড় বিপদ এড়ানো সম্ভব।

যেসব লক্ষণে সতর্ক হবেন

১. পায়ে ব্যথা বা খিঁচুনি
হাঁটার সময় বা বিশ্রামে থাকলেও পায়ে ভারি অনুভূতি, ব্যথা বা হঠাৎ ক্র্যাম্প হতে পারে। এটি রক্তপ্রবাহ কমে যাওয়ার ইঙ্গিত, যা কোলেস্টেরল বৃদ্ধির কারণে ঘটে।

২. বুকে চাপ বা ব্যথা
বুকের মাঝখানে চাপ, জ্বালা বা অস্বস্তি অনুভূত হলে সেটি অবহেলা করা ঠিক নয়। এটি হৃদ্‌যন্ত্রের সমস্যার আগাম সংকেত হতে পারে।

৩. গলা, চোয়াল বা কাঁধে অস্বাভাবিক ব্যথা
অনেক সময় কোলেস্টেরল বাড়লে শরীরের ওপরের অংশে ব্যথা বা শক্তভাব দেখা যায়। রক্ত চলাচল ব্যাহত হলে এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে।

৪. হাত-পায়ে ঝিনঝিনি বা অসাড়তা
হাত-পা অবশ হয়ে যাওয়া, ঝিনঝিনি অনুভব করা বা ঠান্ডা লাগার মতো অনুভূতি এসবও হতে পারে সতর্কবার্তা। কারও ক্ষেত্রে ত্বকে নীলচে ভাবও দেখা দেয়।

৫. চোখের চারপাশে হলুদ দাগ
চোখের আশপাশে হলদেটে স্তর বা বলয় তৈরি হলে সেটি শরীরে অতিরিক্ত কোলেস্টেরলের লক্ষণ হতে পারে, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত দেয়।

কী করবেন?

বিশেষজ্ঞদের মতে, এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখলে উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সূত্র : এবিপি লাইভ

সিমু/আরটিএনএন