দিল্লি, নারী শিশু, নিখোঁজ, ভারত,
১৫ দিনে দিল্লিতে ৫০৯ নারী-শিশুসহ নিখোঁজ ৮০৭, ভারতজুড়ে তোলপাড়   ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে নারী ও শিশুদের নিখোঁজের ঘটনা নতুন করে দেশজুড়ে তীব্র উদ্বেগ ও আলোড়ন সৃষ্টি করেছে। ২০২৬ সালের শুরুতেই মাত্র ১৫ দিনের ব্যবধানে দিল্লিতে ৮০৭ জন নিখোঁজ হওয়ার তথ্য সামনে এসেছে, যার মধ্যে ৫০৯ জনই নারী ও শিশু। এই পরিসংখ্যান রাজধানী শহরের নিরাপত্তা ব্যবস্থা এবং বিশেষ করে নারী ও শিশু সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

দিল্লি পুলিশের নথি উদ্ধৃত করে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ৫৪ জন নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে। এই সময়ে নিখোঁজদের মধ্যে ৫০৯ জন নারী ও কিশোরী এবং ২৯৮ জন পুরুষ। তবে পুলিশ এখন পর্যন্ত মাত্র ২৩৫ জনের সন্ধান পেয়েছে। বাকি ৫৭২ জন এখনও নিখোঁজ, যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে শিশু ও কিশোর-কিশোরীদের নিখোঁজ হওয়ার সংখ্যা। এই ১৫ দিনে মোট ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক নিখোঁজ হয়েছে, যা রাজধানীতে শিশুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। নিখোঁজ শিশুদের মধ্যে ১৪৬ জনই মেয়ে এবং ৪৫ জন ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, কিশোর-কিশোরীরাই এই তালিকায় সবচেয়ে বড় অংশ মোট ১৬৯ জন। এর মধ্যে কিশোরী ১৩৮ জন এবং কিশোর ৩১ জন। এসব কিশোর-কিশোরী নিখোঁজের ঘটনার প্রায় ৭১ শতাংশ মামলাই এখনো অমীমাংসিত রয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৮ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যেও নিখোঁজের ঘটনা কম নয়। এই বয়সসীমার মধ্যে ১৩ জন শিশু নিখোঁজ হয়েছে, যার মধ্যে আটজন ছেলে এবং পাঁচজন মেয়ে। এছাড়া আট বছরের নিচে আরও ৯টি নিখোঁজের ঘটনা নথিভুক্ত হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, এত অল্প বয়সী শিশুদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ছয়জনকে খুঁজে পাওয়া গেছে, বাকিদের কোনো সন্ধান মিলছে না।

অন্যদিকে, প্রাপ্তবয়স্কদের মধ্যেও নিখোঁজের সংখ্যা অত্যন্ত বেশি। একই সময়ে মোট ৬১৬ জন প্রাপ্তবয়স্ক নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে ৩৬৩ জন নারী এবং ২৫৩ জন পুরুষ। পুলিশ এদের মধ্যে ১৮১ জনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হলেও ৪৩৫টি মামলা এখনও তদন্তাধীন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাপ্তবয়স্ক নারীদের নিখোঁজের উচ্চ হার সামাজিক ও পারিবারিক সহিংসতা, মানবপাচার এবং শ্রম শোষণের মতো বিষয়গুলোর দিকেই ইঙ্গিত করে।

এই সাম্প্রতিক পরিসংখ্যান দিল্লিতে দীর্ঘদিন ধরে চলমান একটি গভীর ও কাঠামোগত সমস্যার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দিল্লিতে সাড়ে ২৪ হাজারের বেশি নিখোঁজের ঘটনা নথিভুক্ত হয়েছিল, যার মধ্যে ৬০ শতাংশেরও বেশি ছিলেন নারী। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এই সময়ে রাজধানীতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। এর মধ্যে এখনো প্রায় ৫২ হাজার মামলা অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, নিখোঁজের এই বিপুল সংখ্যার পেছনে অপর্যাপ্ত নজরদারি, ধীরগতির তদন্ত, আন্তঃরাজ্য সমন্বয়ের ঘাটতি এবং সামাজিক ঝুঁকিগুলো বড় ভূমিকা রাখছে। তারা দ্রুত অনুসন্ধান জোরদার, শিশু ও নারীদের জন্য বিশেষ ট্র্যাকিং ব্যবস্থা এবং নিখোঁজ সংক্রান্ত মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির দাবি জানিয়েছে।