সোশ্যাল মিডিয়া,  রিল-ভিডিও, দুর্ঘটনা, গলায় ফাঁস, এনডিটিভি,
রিল ভিডিও বানাতে গিয়ে ফাঁসিতে ঝুলে তরুণীর মৃত্যু!   ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার জন্য রিল-ভিডিও বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলায়। নিহত তরুণীর নাম মোহিনী, বয়স ২৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে শনিবার (৭ ফেব্রুয়ারি) পারিবারিক সূত্র জানায়, বাড়ির ভেতর একটি রিল ভিডিওর শুটিং করছিলেন মোহিনী। ভিডিওতে ফাঁসিতে ঝোলার একটি দৃশ্য অভিনয় করে দেখানোর জন্য তিনি গলায় দড়ির ফাঁস লাগিয়ে একটি টুলের ওপর দাঁড়ান এবং মোবাইল ফোনে রেকর্ড শুরু করেন। দৃশ্যটিকে বাস্তবসম্মত করতেই নেয়া হয়েছিল এই ঝুঁকিপূর্ণ ব্যবস্থা।

তবে শুটিং চলাকালীন হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধারণা করা হচ্ছে, ভারসাম্য হারিয়ে বা পা পিছলে যাওয়ায় দড়ির ফাঁসটি শক্ত হয়ে গলায় চেপে বসে। মুহূর্তের মধ্যেই সেই অভিনয় পরিণত হয় বাস্তব ট্র্যাজেডিতে।

ঘটনার সময় ঘরে থাকা মোহিনীর চার বছর বয়সী মেয়ে ভেতরে ঢুকে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং হতবাক হয়ে যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা নয়, বরং রিল ভিডিও বানানোর সময় ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনা আবারও সোশ্যাল মিডিয়ার জন্য ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক কনটেন্ট তৈরির প্রবণতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

সূত্র: এনডিটিভি