ড্রোন হামলা
রাস তানুরা শোধনাগারে সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র।   ছবি: সংগৃহীত

ইরানের শাহেদ-১৩৬ ড্রোন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো পরিচালিত রাস তানুরা তেল শোধনাগারে আঘাত হেনেছে। হামলার পর শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হামলার পর স্থাপনায় আগুন লাগলেও তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এর আগে অঞ্চলটিতে আন্তর্জাতিক বিমান হামলার ঘটনাও ঘটে।

রাস তানুরা শোধনাগারে সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। প্রতিদিন এখানে প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা যায়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ করা হয়।

শোধন ইউনিট, বিশাল সংরক্ষণ ট্যাংক, বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দর—সব মিলিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহে এ স্থাপনাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে এখানে কঠোর নিরাপত্তা ও উন্নত নজরদারি ব্যবস্থা বিদ্যমান।

বিশেষজ্ঞদের মতে, রাস তানুরায় বড় ধরনের ক্ষতি হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে।