বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবন   ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তত্ত্বাবধানে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে দেশের আটটি বিভাগীয় শহরে এই পরীক্ষা নেয়া হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের মোট ১৯০টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, কেন্দ্র পরিদর্শক নির্ধারণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পুরো পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য জারি করা জরুরি নির্দেশনায় পিএসসি জানিয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। ঠিক সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষাকেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেয়া হবে। এরপর কোনো অবস্থাতেই দেরিতে আগত কাউকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি (এনালগ বা ডিজিটাল) মুঠোফোন, ক্যালকুলেটর, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ বস্তু, গয়না, চাবি এবং কোনো ধরনের ব্যাগ বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পিএসসি সতর্ক করে জানিয়েছে, কোনো পরীক্ষার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমিশন আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি কক্ষে সময় দেখার জন্য দেয়াল ঘড়ি সরবরাহ করা হবে। ফলে ব্যক্তিগত কোনো ঘড়ি বহনের প্রয়োজন নেই। পাশাপাশি পরীক্ষার সময় প্রার্থীদের দুই কান দৃশ্যমান রাখতে হবে। কানে কোনো ধরনের শ্রবণযন্ত্র, ইয়ারফোন বা আবরণ রাখা যাবে না।

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে ঘিরে দেশের বিভিন্ন কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে পিএসসি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।