জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী সায়েন্সল্যাব এলাকায় যাওয়ার পরিবর্তে তাঁরা ঢাকা কলেজের মূল ফটকের সামনে কর্মসূচি পালন করবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের মূল ফটকের বাম পাশে একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চের আশপাশে সাত কলেজের অনেক শিক্ষার্থী আড্ডা দিচ্ছেন। একই সঙ্গে ব্যানার ও ফেস্টুন টানানোর কার্যক্রমও চলছিল। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষের চলাচলেও তেমন কোনো ভোগান্তি দেখা যায়নি।
ঢাকা কলেজের শিক্ষার্থী ও কর্মসূচির অন্যতম সমন্বয়ক আব্দুর রহমান বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় ব্লক কর্মসূচি থেকে সরে এসেছে। পাশাপাশি সেখানে অধ্যাদেশ মঞ্চ স্থাপনের পরিকল্পনাও পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, জনজীবনে ভোগান্তি সৃষ্টি না করে শান্তিপূর্ণ ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির যৌক্তিকতা তুলে ধরাই তাঁদের লক্ষ্য।
তিনি আরও বলেন, ঢাকা কলেজের সামনে একটি প্রধান মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে অবস্থান করে গান, কবিতা ও আলোচনা কর্মসূচির মাধ্যমে দেশবরেণ্য রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের কাছে অধ্যাদেশ জারির গুরুত্ব তুলে ধরা হবে। এই মঞ্চে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। পাশাপাশি কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ যৌথভাবে একটি মঞ্চ তৈরি করবে।
এ ছাড়া তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীরা পৃথক একটি মঞ্চ স্থাপন করে অবস্থান কর্মসূচি পালন করবেন। সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরাও নিজ নিজ কলেজের সামনে মঞ্চ তৈরি করে কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচি আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান তিনি।
সমন্বয়ক আব্দুর রহমান বলেন, ২২ জানুয়ারির মধ্যে যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হয়, তাহলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবেন।
এর আগে সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা সোমবার থেকে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন, মতবিনিময় সভা এবং ২২ জানুয়ারি গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়। ওই দিন অধ্যাদেশের অনুমোদন ও গেজেট প্রকাশ না হলে যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রার কর্মসূচিও রাখার কথা জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!