আয়কর
নির্বাচনী প্রচারণার কারণে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।   ফাইল ছবি

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিষয়টি বর্তমানে আলোচনায় রয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) এনবিআরের একজন কর্মকর্তা আরটিএনএনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এনবিআরের আগের ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হওয়ার কথা। তবে সময়সীমা বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে।

এর আগে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য দুই দফায় সময় বাড়ানো হয়। প্রয়োজনের তাগিদে আরও এক দফা সময় বাড়ানোর ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, রিটার্ন দাখিলের শেষ পর্যায়ে যদি দেখা যায়, নিবন্ধিত করদাতাদের একটি বড় অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।

এনবিআর সূত্র জানায়, এ পর্যন্ত প্রায় ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ করদাতা ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন।

উল্লেখ্য, আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা দিতে হয় এবং বিভিন্ন কর রেয়াত ও সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। তবে চলতি বছর বিশেষ পরিস্থিতিতে ইতোমধ্যে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে।