মার্কিন দূতাবাস, আমেরিকা, বাংলাদেশ
বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস   ছবি: সংগৃহীত

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (৩০ জানুয়ারি) ইউএস এমব্যাসির ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসেবুক পেজে জানানো হয় এই বার্তা।

সহিংসতার আশঙ্কা নিরাপত্তা পরামর্শ
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, নির্বাচনের সময় রাজনৈতিক সমাবেশ, ভোটকেন্দ্র এবং মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় স্থাপনাগুলোতে সহিংসতা বা উগ্রবাদী হামলার ঝুঁকি থাকতে পারে। আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণ মনে হওয়া মিছিল বা সমাবেশও যেকোনো মুহূর্তে সহিংস রূপ নিতে পারে। এমতাবস্থায় মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বড় ধরনের জনসমাগম বা বিক্ষোভ এড়িয়ে চলতে এবং বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা
বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী, নির্বাচনের আগে ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরণের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এই পরিস্থিতির প্রেক্ষিতে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে সরাসরি বা অন-সাইট সেবা কার্যক্রম সীমিত থাকবে।

নাগরিকদের করণীয়:
নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নাগরিকদের নিম্নোক্ত পদক্ষেপগুলো মেনে চলতে বলা হয়েছে:

  • বিক্ষোভ ও বড় জনসমাগম এড়িয়ে চলুন।
  • চলাফেরার সময় নিজের চারপাশের পরিবেশ সম্পর্কে সজাগ থাকুন।
  • স্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রাখুন এবং সর্বশেষ পরিস্থিতির খোঁজ নিন।
  • জনসমক্ষে চলাফেরায় সতর্কতা বজায় রাখুন এবং ‘লো প্রোফাইল’ মেনে চলুন।
  • জরুরি যোগাযোগের জন্য মোবাইল ফোন সবসময় চার্জ দিয়ে সঙ্গে রাখুন।
  • ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনাগুলো পুনরায় যাচাই করে নিন।
  • চলাচলের জন্য বিকল্প রুটের পরিকল্পনা আগে থেকেই করে রাখুন।

এই নির্দেশিকা মেনে চলার মাধ্যমে নির্বাচনকালীন সময়ে অপ্রত্যাশিত পরিস্থিতি এড়ানোর আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

আরটিএনএন/এআই