ইসলামি স্কলার আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
ইনকিলাব মঞ্চের ওপর পুলিশি হামলা ও সরকারের নীরবতার নিন্দা জানিয়েছেন ইসলামি স্কলার আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।   ছবি: আরটিএনএন
যমুনা ও শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনাকে নিন্দা জানানোর তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় ইসলামি স্কলার আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। পুলিশের নৃশংসতার পাশাপাশি সরকারের নীরবতার নিন্দা জানিয়ে তিনি বলেছেন- “আয় হাদীর লাশ নিয়ে যা” -এরচেয়ে বড় শ্লেষ জুলাই-পরবর্তী সময়ে আর হয়নি”! 
শুক্রবার  (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাতে সামাজিক মাধ্যম ফেসবুৃকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন মাওলানা সাইফুল্লাহ।
পোস্টে তিনি বলেন, “আপনি আপনার রাষ্ট্রীয় বাসভবন থেকে বের হয়ে এসে তাদের বলতেন- এই আমার সন্তানেরা, আমি তোমাদের দাবির সাথে একমত। পুলিশ তাদের তদন্তে এদ্দূর এগিয়েছে, অমুক অমুক সংস্থা তাদের তদন্ত ও প্রতিবেদন এই পর্যন্ত দিয়েছে- এই যে দেখো, তার হার্ডকপি ডকুমেন্টস। আর জাতিসংঘের তদন্ত তো মুখে বললেই হয় না, আমি আমার মেয়াদের মধ্যেই এটি উপস্থাপন করব- ওয়াদা করলাম। ব্যাস, এতটুকুই তো! কিন্তু যাদের ভেজা রক্তে আপনি যমুনায়, তাদেরকেই আবার ভালোভাবে পিটিয়ে নিলেন! যারা তৃতীয় কান দিয়ে কথা শোনে, সরাসরি মুখোমুখি হওয়ার যোগ্যতা রাখে না- তাদের জন্য আমাদের একমুখ থুতু এখন এবং আগামীতেও।
সরকারের সমালোচনা করে সাইফুল্লাহ আরও বলেন, “নিরাপত্তার লোকেরা আপনাদের ভয়ের গান শোনায়! অথচ কত প্রাণের বিনিময়ে আপনারা সেখানে! নিজের সন্তানের মুখোমুখি হয়ে তথ্যটাও সামনে এসে দিতে ভয় পেলে সাহসী সন্তানদের ত্যাগে সেখানে বসেছেন কেন? আপনার একজীবনে আর হারাবার বা পাবারই কি আছে!”
পুলিশের অতি আক্রমানাত্মক চরিত্রের নিন্দা জানিয়ে আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ শেষ করেছেন আক্ষেপ জানিয়ে- “যারা আপনার নিরাপত্তায়, তাদের লাঠির সে কী জোর! বন্য শুয়োরের মত তাদের আচরণ! তারাই ডাক দিচ্ছে- “আয় হাদীর লাশ নিয়ে যা।” এরচেয়ে বড় শ্লেষ জুলাই-পরবর্তী সময়ে আর হয়নি”!