নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।   ছবি: সংগৃহীত

বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা নবীন সংসদ সদস্যদের সংবিধান, রুলস অব প্রসিডিউর এবং সংসদীয় রীতিনীতি নিয়ে ধারণা দিয়েছি। বিশেষ করে বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় চর্চা নিয়ে আলোচনা হয়েছে। অতীতে সংসদে যেসব নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে, আমরা সেগুলো মানুষের মন থেকে মুছে দিতে চাই।’

নতুন সংসদ সদস্যদের তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি শিশু যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক সেভাবেই আমরা নবীনদের প্রস্তুত করার চেষ্টা করছি। তাদের ভেতর আগে থেকে কোনো খারাপ সংস্কৃতি না থাকায় তারা ইতিবাচক শিক্ষাটা দ্রুত গ্রহণ করতে পারছেন। আশা করি, আগামী অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে যে, তারা এমন একটি সংসদই দেখতে চেয়েছিলেন।’

আগামী ১২ মার্চ অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে বিএনপি। দুই দিনব্যাপী এই কর্মশালায়: অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক প্রবীণ সংসদ সদস্যরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদীয় রেওয়াজ, বিল-বাজেট আলোচনা এবং মন্ত্রণালয় পরিচালনায় মন্ত্রীদের কৌশলগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ মার্চের অধিবেশন শুরুর আগেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের দায়িত্ব সম্পর্কে পূর্ণ ধারণা দিয়ে তাঁদের দক্ষ করে তোলা এবং রাষ্ট্রীয় কার্যক্রমে গতিশীলতা আনাই এই কর্মশালার মূল লক্ষ্য।

এমআর/আরটিএনএন