নাসীরুদ্দীন পাটওয়ারী
‘আজাদী পদযাত্রা’ শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।   ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের সব ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে মুক্তির লড়াই অব্যাহত রাখবে তাঁদের জোট। তিনি বলেন, ‘গোলামির নয়, আমরা আজাদির জোট বেছে নিয়েছি।’

সোমবার (৫ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আজাদী পদযাত্রা’ শুরুর আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাঁদের সামনে দুটি পথ খোলা ছিল—আজাদির জোট ও গোলামির জোট। তিনি অভিযোগ করেন, দেশের সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতিকে পরাধীন করে রাখার সঙ্গে জড়িত একটি গোষ্ঠী লুটতরাজ ও অর্থপাচারের মাধ্যমে জনগণের ক্ষতি করেছে। এখন তারা বিভিন্ন দপ্তরে গিয়ে আনুগত্য প্রদর্শন করছে। এই বাস্তবতায় আগামীর নির্বাচনে কোন পথে দাঁড়ানো হবে—সে সিদ্ধান্ত নিতেই আজাদির জোট বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ১১ দলীয় জোট দেশের আজাদি নিশ্চিত করার যে সংগ্রাম শুরু করেছে, তা অব্যাহত থাকবে। ‘ইনশা আল্লাহ, এই লড়াই থামবে না,’ বলেন তিনি।

শহীদ ওসমান হাদির প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাঁর বিচার নিশ্চিত করা এবং তিনি যে আজাদির সংগ্রাম শুরু করেছিলেন, তা সম্পন্ন করাই এখন তাঁদের প্রধান দায়িত্ব। ওসমান হাদির কবর জিয়ারতের পর তাঁর আকাঙ্ক্ষাকে ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদী যাত্রা নতুন করে শুরু হয়েছে বলে জানান তিনি।

ঢাকা-৮ আসনের রমনা, শাহবাগ, মতিঝিল ও শাহজাহানপুর এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, কোথাও চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বা দখলদারত্বের চেষ্টা হলে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আজাদী পদযাত্রা নিয়ে নির্বাচনি আচরণবিধি প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২১ জানুয়ারির আগে এই যাত্রায় কোনো প্রতীক ব্যবহার বা ভোট চাওয়ার কার্যক্রম থাকবে না। আচরণবিধি প্রত্যাহারের পর নিয়ম মেনেই প্রচারণা চালানো হবে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলীয় দাসত্ব থেকে বেরিয়ে জনগণের পক্ষে দাঁড়াতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। তা না হলে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।