ধানের শীষ, বিজয়
গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মাহ্দী আমিন।   ছবি: সংগৃহীত

বিএনপির বিজয় অনিবার্য বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহ্দী আমিন বলেন, চিহ্নিত রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভীতি তৈরির চেষ্টা করেছে। তবে বাস্তবতা হচ্ছে, বিএনপির বিজয় অনিবার্য। দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন, ইনশাআল্লাহ, গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার তা আন্তরিকভাবে প্রতিপালন করবে।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বিতর্কিত করতে আগের রাত থেকেই বিভিন্ন জায়গায় সহিংসতা, কারচুপি এবং কালো টাকার মহোৎসব হয়েছে।

তবে সব অপপ্রয়াস রুখে দিয়ে ধানের শীষের বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফল ঘোষণা পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে যেন কোনো অসংগতি না হয়, তা নিশ্চিত করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয়, গণতন্ত্রেরই বিজয়।