বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।   ছবি: সংগৃহীত

দেশের অনেক কেন্দ্রে ভোটগ্রহণের পর ভোট গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

শফিকুর রহমান বলেন, একটা নির্বাচন যখন হবে, সবাই জিতবে না। কেউ জিতবে, কেউ হারবে। আমাদের কিছু অবজারভেশন আছে যেগুলো আমরা জাতির সামনে তুলে দেওয়ার পক্ষে। বেশ কিছু কেন্দ্রে গণনা কমপ্লিট হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করছেন না। তারা ফল ঝুলিয়ে রেখেছেন।

তিনি বলেন, কিছু আসনে ফলাফল ঘোষণা নিয়ে  ইঁদুর বিড়াল খেলা চলছে, যা অসুস্থ ধারার রাজনীতির বহিঃপ্রকাশ। 

হ্যাঁ ভোট বেশি পড়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমীর বলেন, নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। অতীতের নিয়ম পাল্টাতে হবে। জামায়াতে ইসলামী  ইতিবাচক ধারার রাজনীতি করতে চায়। সরকারিভাবে ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। 

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইসি ১৩ তারিখ এর মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে। তবে ফলাফল  যাই হোক আগামী দিনে ইতিবাচক ও ক্যাল্যানের রাজনীতি করারও ইঙ্গিত দেন জামায়াত আমীর। 

এ সময়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ জামায়াতে নেতারা উপস্থিত ছিলেন।