কুষ্টিয়া সহিংসতায় নিন্দা, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চায় এবি পার্টি, এবি পার্টি, আরটিএনএন,
এবি পার্টির লোগো।   ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে পীর দাবিদার এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা এবং তার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি)।

দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, কোনো অভিযোগ বা মতভিন্নতার জবাব কখনোই দলবদ্ধ সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মাধ্যমে হতে পারে না।

তারা উল্লেখ করেন, পীর দাবিদার ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ম নিয়ে কটাক্ষের অভিযোগ থাকলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাব পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে।

নেতৃদ্বয় বলেন, এ ধরনের বর্বরতা মানবিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রাষ্ট্রের আইনের শাসন ও বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে সাধারণ মানুষকে সংঘবদ্ধ সহিংসতার দিকে ঠেলে দেওয়া একটি উদ্বেগজনক প্রবণতা, যা সমাজে অস্থিতিশীলতা তৈরি করছে।

তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়া গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধ দমনে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের ঘাটতি স্পষ্ট।

বিবৃতিতে এবি পার্টির নেতারা জোর দিয়ে বলেন, দলবদ্ধ সহিংসতা প্রতিরোধে সরকারের কঠোর উদ্যোগ এখন সময়ের দাবি এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহি করতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এছাড়া, তারা সকল রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান, দলবদ্ধ সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে এগিয়ে আসতে।

সংবাদ প্রেরক: আজাদুল ইসলাম আজাদ, সহকারী প্রচার সম্পাদক, এবি পার্টি।