আজ পবিত্র শবে বরাত
আজ পবিত্র শবে বরাত   ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাত মুসলমানদের কাছে শবে বরাত বা ‘সৌভাগ্যের রজনী’ হিসেবে বিশেষ মর্যাদাসম্পন্ন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত।

পবিত্র এ উপলক্ষে আজ রাতে দেশের মসজিদে-মসজিদে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। অনেক ধর্মপ্রাণ মুসলমান বাসাবাড়িতেও ইবাদত-বন্দেগির মাধ্যমে সারারাত অতিবাহিত করবেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এই রাতকে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, মহিমান্বিত এই রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও তওবার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করা সম্ভব। আত্মসমালোচনার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে নিজেকে পরিশুদ্ধ করার প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহর অসীম অনুগ্রহ, বরকত ও মাগফিরাত অর্জন করা যায়।

পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

এই মহিমান্বিত রাতে মুসলমানরা আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, মিলাদ ও ওয়াজ মাহফিলের মাধ্যমে ইবাদতে মশগুল থাকবেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।