আইসিসি, টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিরাপত্তা, স্টার স্পোর্টস,
বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ দেখাবে কারা, জানাল আইসিসি   ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দল মাঠে না নামলেও বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বিশ্বকাপের উত্তেজনা কমছে না। ঘরে বসেই টুর্নামেন্টের সব ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছেন দেশের দর্শকেরা। কোন কোন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করবে টিএসএম এবং র‍্যাবিটহোলবিডি অ্যাপ। পাশাপাশি দেশের একমাত্র স্পোর্টস টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস এবং নাগরিক টিভিও এই বৈশ্বিক আসরের ম্যাচ সম্প্রচার করবে।

আইসিসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিএসএম একটি বাংলাদেশি মালিকানাধীন সম্প্রচার সংস্থা, যারা নিয়মিতভাবে দেশের বাইরে অনুষ্ঠিত বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি আয়োজিত টুর্নামেন্টের ম্যাচ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করে আসছে। অন্যদিকে র‍্যাবিটহোলবিডি অ্যাপ মূলত দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির ইউটিউবভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে অনলাইনে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

বিশ্বকাপ আয়োজক দেশ ভারতের সম্প্রচার ব্যবস্থার কথাও জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে। ভারতের দর্শকেরা স্টার স্পোর্টস নেটওয়ার্কের টিভি চ্যানেলের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম জিওস্টার ও জিও হটস্টারে টুর্নামেন্টের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় ডায়লগ টিভি সরাসরি সম্প্রচার করবে এই বিশ্বকাপ, একই সঙ্গে সেখানে ডিজিটাল প্ল্যাটফর্মেও খেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে মূল টুর্নামেন্ট শুরুর আগেই শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিপর্ব। আইসিসি এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, প্রস্তুতিপর্বের ম্যাচগুলো বাংলাদেশে টিএসএম ও র‍্যাবিটহোলবিডি অ্যাপের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। ফলে বিশ্বকাপের আগ মুহূর্তের ম্যাচগুলোও নিয়মিতভাবে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল অংশ না নেওয়ায় আইসিসি স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নতুন করে প্রকাশ করেছে।