টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারত ও শ্রীলঙ্কা, চার-ছক্কা,
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৫ রানসংগ্রাহক   ছবি: সংগৃহীত

দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের সবচেয়ে বড় লড়াই। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই আসরকে সামনে রেখে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। চার-ছক্কার ঝড়, উত্তেজনাপূর্ণ ম্যাচ আর তারকাদের পারফরম্যান্স সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই বাড়তি রোমাঞ্চ। আসন্ন বিশ্বকাপের আগে এক নজরে ফিরে দেখা যাক টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকা, যেখানে জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা কিছু ব্যাটিং তারকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৩৫ ম্যাচে তার সংগ্রহ ১ হাজার ২৯২ রান, যেখানে ব্যাটিং গড় ৫৮.৭২ এই তালিকায় যা সর্বোচ্চ। ধারাবাহিকতা, চাপের ম্যাচে ঠাণ্ডা মাথার ব্যাটিং এবং বড় মঞ্চে নিজেকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ব্যাটার বানিয়েছে। বিশ্বকাপ মানেই কোহলির ব্যাটে রান এমন ধারণা ক্রিকেটপ্রেমীদের কাছে এখন প্রায় প্রতিষ্ঠিত সত্য।

দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের অরেক সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা এনে দেয়া এই ওপেনার টুর্নামেন্টটির ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের একজন। মোট ৪৭ ম্যাচে রোহিতের রান ১ হাজার ২২০, গড় ৩৪.৮৫। বিধ্বংসী ওপেনিং ব্যাটিংয়ের পাশাপাশি বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার কারণে বিশ্বকাপের ইতিহাসে রোহিতের নাম বিশেষ গুরুত্ব পায়।

তৃতীয় স্থানে অবস্থান করছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচে তার সংগ্রহ ১ হাজার ১৬ রান, গড় ৩৯.০৭। চাপের মুখে দায়িত্বশীল ব্যাটিং এবং ইনিংস ধরে খেলার অসাধারণ ক্ষমতার জন্য পরিচিত জয়াবর্ধনে বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কাকে একাধিকবার ম্যাচ জিতিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে তার অবদান আজও স্মরণীয়।

চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার জস বাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৫ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ১ হাজার ১৩ রান, গড় ৪২.২০। ধারাবাহিকতা ও ম্যাচ জেতানোর সামর্থ্য দিয়ে বাটলার নিজেকে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে অপরিহার্য করে তুলেছেন। বড় মঞ্চে ঠাণ্ডা মাথায় ইনিংস গড়ার দক্ষতা তাকে এই তালিকায় এগিয়ে রেখেছে। আসন্ন বিশ্বকাপে নিজের অবস্থান আরও শক্ত করার সুযোগ থাকছে এই ইংলিশ তারকার সামনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও বিশ্বকাপের মঞ্চে তার পারফরম্যান্স আজও আলোচনায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪১টি ম্যাচ খেলে ওয়ার্নারের সংগ্রহ ৯৮৪ রান, গড় ২৫.৮৯। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত এই বাঁহাতি ওপেনার বহু আসরজুড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মূল ভরসা ছিলেন। পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার ক্ষমতার কারণে বিশ্বকাপ ইতিহাসে তার নাম আলাদাভাবে উচ্চারিত হয়।

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন তারকার উত্থান হলেও, এই পাঁচ ব্যাটারের পারফরম্যান্স টুর্নামেন্টটির ইতিহাসে এক অনন্য মানদণ্ড হয়ে থাকবে। চার-ছক্কার এই লড়াইয়ে কে ছুঁতে পারবেন বা ছাড়িয়ে যেতে পারবেন এই রেকর্ডগুলো সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটবিশ্ব।