অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের বিশ্বয়কর জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ,
অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের বিশ্বয়কর জয়   ছবি: সংগৃহীত

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে তারা। 

এই জয় দিয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে জিম্বাবুয়ে। ২ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান শ্রীলঙ্কার। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া। এছাড়া চার নম্বরে আয়ারল্যান্ড ও পাঁচ নম্বরে অবস্থান করছে ওমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক ট্রাভিস হেড। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের ওপেনিং জুটিতে আসে ৬১ রান। মাত্র ২১ বলে ৩৫ রান করে আউট হন ওপেনার তাদিয়ানসে মারুমানি। দ্বিতীয় উইকেট জুটিটা আরও বড় হয়। রায়ান বার্লকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন ওপেনার ব্রায়ান বেনেট। ৩০ রানে থামে বার্লের ইনিংস।
 
এরপর সিকান্দার রাজাকে নিয়ে ইনিংস শেষ করেন বেনেট। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৫৬ বলে তার ইনিংসে সাতটি চার আসে। আর ২৫ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। অস্ট্রেলিয়ার পক্ষে মার্কাস স্টোয়নিস ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট নেন।

১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। মুজারাবানি ও ইভান্স মিলে পাওয়ার প্লেতেই চারটি উইকেট নেন। এরপর চাপে পড়া দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো। দুজন মিলে গড়েন ৭৭ রানের জুটি। কিন্তু ম্যাক্সওয়েল সাজ ঘরে ফিরলে আর দলকে জেতাতে পারেননি রেনশো।

ব্যক্তিগত ফিফটি পূরণের পর দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন ম্যাট রেনশো। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৩১ রান। আর ট্রাভিস হেড করেন ১৭ রান। দলের বাকি ব্যাটারদের কেউই দশের কোটা স্পর্শ করতে পারেননি। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। তিনটি উইকেট পেয়েছেন ব্র্যাড ইভান্স।

রায়হান/আরটিএনএন