ইরান, ট্রাম্প, প্যারালিম্পিক
ইরানের অ্যাথলেট আবুল ফজল খতিবি   ছবি: সংগৃহীত

যাতায়াতে নিরাপত্তা ঝুঁকির কারণে মিলান-কোর্টিনা ২০২৬ শীতকালীন প্যারালিম্পিক গেমসে ইরানের জাতীয় প্যারালিম্পিক কমিটি অংশ নেবে না। শুক্রবার আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) এই ঘোষণা দিয়েছে।এবারের আসরে ইরানের পক্ষে কেবল একজন অ্যাথলেটের অংশ নেওয়ার কথা ছিল। তিনি হলেন দুইবারের প্যারালিম্পিয়ান আবুলফাজল খাতিবি মিয়ানাই, যিনি প্যারা ক্রস-কান্ট্রি স্কিইংয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেন।

২৩ বছর বয়সী এই অ্যাথলেট এর আগে পিয়ংচ্যাং ২০১৮ এবং বেইজিং ২০২২ প্যারালিম্পিকে অংশ নিয়েছেন। এবার তিনি পুরুষদের 'স্প্রিন্ট ক্লাসিক স্ট্যান্ডিং' এবং '১০ কিলোমিটার ইন্টারভ্যাল স্টার্ট ক্লাসিক স্ট্যান্ডিং' ইভেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। আইপিসির সভাপতি অ্যান্ড্রু পার্সনস বলেন, "এটি বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য এবং বিশেষ করে আবুলফাজলের জন্য অত্যন্ত হতাশাজনক যে, তিনি নিরাপদে ভ্রমণ করে মিলান-কোর্টিনা ২০২৬-এ তার তৃতীয় শীতকালীন প্যারালিম্পিক গেমসে অংশ নিতে পারছেন না।"

শুক্রবার সন্ধ্যায় ভেরোনা অলিম্পিক অ্যারেনায় গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। আইপিসি জানিয়েছে, ইরান অংশ না নেওয়ায় শুক্রবারের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে দেশটির পতাকা সরিয়ে নেওয়া হয়েছে।