ক্রুসকে প্রশাসনিক কিংবা কৌশলগত ভূমিকায় যুক্ত করার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ।
ক্রুসকে প্রশাসনিক কিংবা কৌশলগত ভূমিকায় যুক্ত করার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ।   ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা সাবেক জার্মান মিডফিল্ডার টনি ক্রুস আবারও ক্লাবটিতে ফিরতে পারেন বলে গুঞ্জন উঠেছে। তবে এবার তিনি খেলোয়াড় হিসেবে নয়, ভিন্ন কোনো দায়িত্বে দেখা যেতে পারেন।

ক্লাব সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ক্রুসকে প্রশাসনিক কিংবা কৌশলগত ভূমিকায় যুক্ত করার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। যদিও তার সুনির্দিষ্ট দায়িত্ব এখনো চূড়ান্ত হয়নি, ধারণা করা হচ্ছে তিনি ক্লাবের দৈনন্দিন কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরামর্শমূলক ভূমিকায় থাকতে পারেন।

আগামী মৌসুম থেকেই তার এই প্রত্যাবর্তন কার্যকর হতে পারে বলেও আলোচনা রয়েছে।

এদিকে ক্লাবের কোচিং স্টাফেও সাম্প্রতিক পরিবর্তন এসেছে। জাবি আলোনসোর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আলভারো আরবেলোয়াকে। নতুন এই কাঠামোর মধ্যে ক্রুসের মতো অভিজ্ঞ সাবেক খেলোয়াড়ের উপস্থিতি ড্রেসিংরুমে ভারসাম্য ও নেতৃত্বে সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে ভবিষ্যতে দিদিয়ের দেশমের মতো কোনো বড় নাম কোচ হিসেবে আসার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। এমন পরিস্থিতিতে ক্লাবের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও সংস্কৃতি ধরে রাখতে ক্রুসকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলোয়াড় হিসেবে খেলার কারণে ক্লাবটির পরিবেশ, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে গভীর ধারণা রয়েছে ক্রুসের। একই সঙ্গে ক্লাব পরিচালনা পর্ষদের সঙ্গেও তার সম্পর্ক ভালো বলে জানা গেছে, যা তার প্রত্যাবর্তনের পথকে সহজ করতে পারে।

ক্লাবের লক্ষ্য স্পষ্ট-এমন ব্যক্তিদের সঙ্গে কাজ করা, যারা রিয়ালের ঐতিহ্য বোঝেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারেন। একই সঙ্গে ড্রেসিংরুমের ঐক্য ধরে রাখাও বড় লক্ষ্য।

তবে এখনো এ বিষয়ে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ক্লাবের ঘনিষ্ঠ মহল বলছে, বিষয়টি আলোচনার পর্যায়ে থাকলেও ক্রুসের ফেরাটা সময়ের ব্যাপার মাত্র-এমন ইঙ্গিতই মিলছে।