নিয়মিত, পরিষ্কার, ফোন, জীবাণু, “হটস্পট”
নিয়মিত পরিষ্কার না করলে ফোন ধীরে ধীরে জীবাণুর “হটস্পট” হয়ে উঠতে পারে।   ফাইল ছবি

হাত ধোয়া, শপিং ট্রলিতে স্যানিটাইজার ব্যবহার বা ক্যাফের টেবিল মুছে বসা এসব এখন আমাদের দৈনন্দিন অভ্যাস। কিন্তু যে জিনিসটি আমরা দিনে সবচেয়ে বেশি ছুঁই, সেটার কথা কি কখনো ভেবে দেখি? হ্যাঁ, কথা হচ্ছে আপনার স্মার্টফোনের। 

রান্নাঘর থেকে শুরু করে খাবার টেবিল, অফিস ডেস্ক, এমনকি বাথরুম সব জায়গাতেই ফোন আমাদের সঙ্গী। দিনে অসংখ্যবার স্ক্রিনে আঙুল রাখছি, মুখের কাছে নিচ্ছি, অন্যের হাতে দিচ্ছি। অথচ হাত যতবার ধোয়া হয়, ফোন পরিষ্কার করা হয় তার ধারেকাছেও না। 

গবেষণা বলছে, মোবাইল ফোনে শত শত প্রজাতির ব্যাকটেরিয়া ও ভাইরাস পাওয়া যায়। সব জীবাণু যে অসুস্থতা তৈরি করবে, তা নয়। কিন্তু সংক্রমণের ঝুঁকি যে একেবারেই নেই, সেটাও সত্য নয়। আমরা বাথরুমে ফোন ব্যবহার করি, তারপর সেটি মুখের কাছে আনি। খাওয়ার সময় ফোন ছুঁই, মিটিং বা আড্ডায় একে অন্যের হাতে দিই। অথচ হাতের মতো করে ফোন ধোয়ার সুযোগ নেই। তাই নিয়মিত পরিষ্কার না করলে ফোন ধীরে ধীরে জীবাণুর “হটস্পট” হয়ে উঠতে পারে।

ভুলভাবে পরিষ্কার করলে হতে পারে বড় ক্ষতি

অনেকে ভাবেন হ্যান্ড স্যানিটাইজার, গ্লাস ক্লিনার বা যেকোনো শক্ত ক্লিনার দিলেই কাজ শেষ। কিন্তু এখানেই লুকিয়ে আছে বিপদ। অ্যাপল ও স্যামসাংসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো স্পষ্টভাবে বলে দিয়েছে ব্লিচ, ভিনেগার, হাইড্রোজেন পার-অক্সাইড, অ্যামোনিয়া, অ্যাসিটোন বা ৭০ শতাংশের বেশি অ্যালকোহল ব্যবহার করা যাবে না।

কারণ বেশিরভাগ স্মার্টফোনের স্ক্রিনে থাকে ওলিওফোবিক আবরণ। এটা খুব সূক্ষ্ম  স্তর, যা আঙুলের ছাপ ও দাগ পড়া কমায়। অতিরিক্ত শক্ত রাসায়নিক এই স্তর নষ্ট করে দিতে পারে। যার ফলে স্ক্রিনে দ্রুত দাগ পড়বে, টাচ সেনসিটিভিটি কমে যেতে পারে। এমনকি ওয়াটারপ্রুফ সিল দুর্বল হয়ে যেতে পারে।

ভিনেগারের মতো অ্যাসিডিক উপাদান ফোনের ধাতব বা প্লাস্টিকের ফ্রেম ক্ষয় করতে পারে। বেশি অ্যালকোহলযুক্ত ওয়াইপ বারবার ব্যবহার করলে প্লাস্টিক শুকিয়ে ভঙ্গুর হয়ে যায়। সহজ কথায় যে ক্লিনার দিয়ে রান্নাঘরের চুলা পরিষ্কার করেন, সেটি ফোনের জন্য মোটেও নিরাপদ নয়।

সঠিক নিয়মে ফোন পরিষ্কার 

ফোন নিরাপদভাবে পরিষ্কার করা খুবই সহজ এবং খরচও কম। পরিষ্কার করার আগে অবশ্যই ফোন বন্ধ করুন এবং কভার বা অ্যাকসেসরিজ খুলে ফেলুন।বিশেষজ্ঞ ও নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন—

আইসোপ্রোপাইল অ্যালকোহল ওয়াইপস ব্যবহার 

নরম মাইক্রোফেবরিকের কাপড়

স্পিকার বা চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য নরম অ্যান্টি-স্ট্যাটিক ব্রাশ ব্যবহার

কোভিড-১৯ মহামারির সময় অ্যাপল প্রথমবারের মতো জানায় সাবধানতার সঙ্গে ৭০ শতাংশের অ্যালকোহল ওয়াইপ বা ক্লোরক্স ডিসইনফেক্টিং ওয়াইপ আইফোনে ব্যবহার করা যেতে পারে। স্যামসাংও একই ধরনের নির্দেশনা দেয়, তবে পোর্ট বা ছিদ্রে যেন তরল না ঢোকে, সে বিষয়ে সতর্ক থাকতে বলে।

যে ভুলগুলো করলেই বিপদ

. কখনোই ফোনের ওপর সরাসরি তরল স্প্রে করবেন না

. পানিতে বা কোনো দ্রবণে ফোন ডুবাবেন না, এমনকি ফোন ওয়াটার-রেজিস্ট্যান্ট হলেও

. টিস্যু, কাগজ বা রুক্ষ কাপড় ব্যবহার না করা, এতে স্ক্রিনে আঁচড় পড়তে পারে

. অতিরিক্ত ঘষাঘষি বা বারবার পরিষ্কার করা যাবে না

. অতিরিক্ত পরিষ্কার করাও ক্ষতিকর। এতে ধীরে ধীরে ফোনের সুরক্ষামূলক স্তর নষ্ট হয়ে যায়। 

. সাধারণ ব্যবহারে সপ্তাহে অন্তত একবার ফোন পরিষ্কার করাই যুক্তিসংগত। যদি আপনি নিয়মিত পাবলিক ট্রান্সপোর্ট, হাসপাতাল, জিম বা বাথরুমে ফোন ব্যবহার করেন, তাহলে আরও ঘন ঘন পরিষ্কার করা ভালো।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস