ফ্রিল্যান্সারদের জন্য সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হচ্ছে ।
ফ্রিল্যান্সারদের জন্য সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হচ্ছে ।   ছবি: সংগৃহীত

ফ্রিল্যান্সারদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রথম জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘freelancers.gov.bd’ চালু হচ্ছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হবে। এর মধ্য দিয়ে ফ্রিল্যান্সাররা প্রথমবারের মতো সরকারি স্বীকৃত ডিজিটাল পরিচয়পত্র পাবেন।

সোমবার (১২ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি বিভাগ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে এ প্ল্যাটফর্ম বাস্তবায়ন করা হয়েছে। প্ল্যাটফর্মটির নিরাপত্তা পরীক্ষা (ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনেট্রেশন টেস্টিং-ভিএপিটি) সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আর এই ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, সরকারি-বেসরকারি প্রশিক্ষণ এবং বিভিন্ন আর্থিক প্রণোদনা সহজেই পাওয়ার সুযোগ পাবেন। ‘freelancers.gov.bd’ প্ল্যাটফর্মটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডাটাবেজ হিসেবেও কাজ করবে। এতে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা, কাজের ধরন ও বাজার প্রবণতা সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে।

উদ্যোগটির মাধ্যমে ফ্রিল্যান্সারদের সংযোগ শক্তিশালী হবে, যা ডিজিটাল অর্থনীতির বিকাশে নতুন গতি সঞ্চার করবে। 

এমআর/আরটিএনএন