ভোটকেন্দ্রে গিয়ে বৃদ্ধা জানলেন তিনি মৃত।
ভোটকেন্দ্রে গিয়ে বৃদ্ধা জানলেন তিনি মৃত।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গিয়ে ৯২ বছর বয়সী বৃদ্ধা ছাকেরা বেওয়া জানতে পারলেন তিনি মারা গেছেন। ভোটার তালিকায় তার ক্রমিক নম্বরে লেখা লেখা রয়েছে 'কর্তন করা হয়েছে'।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এমন ঘটনা ঘটে। ছাকেরা বেওয়া শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউ এলাকার বাসিন্দা।

ছাকেরা বেওয়ার ছেলে মো. মাসুদ রানা জানান, সকালে আমার স্ত্রী সুমি খাতুন আমার বৃদ্ধ মাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে গেলে কেন্দ্রের বাইরে ভোটার তালিকায় ২৭২ নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে। বাইরে থেকে দেওয়া স্লিপ ও এনআইডি কার্ড নিয়ে আমার মা ভোটের কক্ষে যান। 

পোলিং অফিসার সিরিয়াল নম্বর চেক দিয়ে দেখেন তালিকায় আমার মায়ের নাম নেই। তালিকায় ২৭২ নম্বর সিরিয়ালে আমার মায়ের নামের জায়গায় লেখা আছে কর্তন করা হয়েছে।
 
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, আমরা ভোটার তালিকায় দেখলাম বৃদ্ধ ছাকেরা বেওয়ার নাম কোথাও নেই। বিষয়টি আমাদের এখতিয়ারের বাইরে। এটা নির্বাচন অফিসের মিসটেক।

এ বিষয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।