চট্টগ্রামের সীতাকুণ্ড,  সাত বছর বয়সী শিশু ইরাকে হত্যা,  অভিযুক্ত বাবু শেখ, পুলিশ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাত বছর বয়সী শিশু ইরাকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করেছে পুলিশ।   ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাত বছর বয়সী শিশু ইরাকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

পুলিশ জানায়, গত শনিবার উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক-এর ভেতর থেকে গলাকাটা অবস্থায় ইরাকে উদ্ধার করা হয়। সে সময় সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। প্রাথমিকভাবে তারা নিজেদের পরনের কাপড় দিয়ে রক্তপাত বন্ধের চেষ্টা করেন এবং দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে হাসপাতালেই তার মৃত্যু হয়। চিকিৎসকদের বরাতে পুলিশ জানায়, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ইরার বাড়ি কুমিরা এলাকায়। যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে, সেটি তার বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে। একা এত দূরে যাওয়ার সম্ভাবনা কম হওয়ায় ধারণা করা হচ্ছে, কেউ তাকে প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে গেছে।

এ ঘটনায় মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।