নেত্রকোনা, গাঁজা , উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, গ্রেপ্তার,
উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।   ছবি: আরটিএনএন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১টা ১০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফ আলী মার্কেটের সামনে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হয়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে পলিথিনে মোড়ানো ও খাঁকি রঙের স্কচটেপ দিয়ে প্যাকেট করা ১৫টি পোটলায় মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১৪টি পোটলায় ২৯ কেজি এবং একটি পোটলায় ১ কেজি গাঁজা ছিল।

ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মো. কবির (৩৪), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের মো. সোহাগ মিয়া (২৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ইসুলিয়া গ্রামের মো. রিপন মিয়া (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার গিলামোড়া গ্রামের মো. মনিরুল ইসলাম (২২)।

অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।  বুধবার (১১মার্চ) সকালে তাদের আদালতে পাঠানো হবে।