বজ্রপাত,  মৃত্যু, কৃষক, নেত্রকোনা, খালিয়াজুরী, দুর্গাপুর, চিকিৎসক,
বজ্রসহ বৃষ্টি   ছবি: সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় দুইজনের করুণ মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বজ্রসহ বৃষ্টির সময় এ দুই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের কৃষক সুদিন সরকার (৫০) এবং দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের রাজমিস্ত্রি আকাশ মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির সামনে নলসিটি হাওরে গরু নিয়ে ঘাস খাওয়াতে যান কৃষক সুদিন সরকার। দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হলে গরু নিয়ে দ্রুত বাড়ি ফেরার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেখানকার লোকজন তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুদিন সরকার উপজেলার চাকুয়া গ্রামের মৃত রাজেন্দ্র সরকারের ছেলে।

অন্যদিকে, দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে বজ্রপাতে আকাশ মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। পথে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে আহত হয়ে ধানক্ষেতের পাশে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আকাশ মিয়া ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন এবং দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা।