সীতাকুণ্ডে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন, আতঙ্কে যাত্রীরা।
সীতাকুণ্ডে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন, আতঙ্কে যাত্রীরা।   ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টায়  এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর পাওয়ার কারে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।