ময়মনসিংহ ও রাবিপ্রবি-তে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
ময়মনসিংহ ও রাবিপ্রবি-তে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।   ছবি: আরটিএনএন

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামামন রুকন, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এছাড়াও জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা  ও মহানগর বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, মুক্তিযোদ্ধাদের ভুলে গেলে জাতি তার অস্তিত্বকেই ভুলে যাবে। ‘স্বাধীনতার চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বুকের তাজা রক্ত দিয়ে মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতা এনেছে বলেই দেশ আজ এগিয়ে যেতে পারছে, দেশের জনগণ নিজ সম্ভাবনার সফল বাস্তবায়ন করতে পারছে।

পরে সকাল ৮টায় জেলা স্টেডিয়াম মাঠে পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন। এছাড়াও দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে- মুক্তিযোদ্ধা সন্মাননা, আলোচনা, খেলাধুলা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হলসমূহে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

WhatsApp Image 2026-03-26 at 12-51-38 PM

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় রাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টরসহ দায়িত্বপ্রাপ্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।