বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে শ্রমজীবী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ
বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে শ্রমজীবী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রমজীবী ও দুস্থদের মাঝে  ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

বাকৃবি ছাত্রদলের  আহ্বায়ক মো. আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১০০জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় বিতরণকৃত ইফতার সামগ্রী হিসেবে ছিল খেজুর, পানি ও রান্না করা খাবার । 

আয়োজকরা বলেন, রমজানের মহিমা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। আশা করি, এ ধরনের কাজে সমাজের বিত্তবান ও সচেতন মহল আরও বেশি করে এগিয়ে আসবেন। পবিত্র এই মাসে এমন উদ্যোগ নিঃসন্দেহে সামাজিক সম্প্রীতি ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ কর্মসূচিতে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাস। এই মাসে আমরা যদি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে না পারি, তবে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করা হয় না। 

তিনি আরও বলেন, শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব শুধু একাডেমিক অর্জনে সীমাবদ্ধ নয়, মানবিক মূল্যবোধ চর্চা ও সামাজিক দায়বদ্ধতা পালনও সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই, বাকৃবি হোক মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।