ইফতার মাহফিল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।   ছবি: আরটিএনএন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ১২০০ নারী শিক্ষার্থীকে নিয়ে ইফতারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। 

রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে আবাসিক ও অনাবাসিক ছাত্রীদের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, পবিত্র রমজান উপলক্ষে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ও সুশৃঙ্খল পরিবেশে সম্মিলিত ইফতারের ব্যবস্থা করাই  এ উদ্যোগের মূল লক্ষ্য।

ভিপি সাদিক কায়েম বলেন, “নারী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং একটি ইতিবাচক ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতেই এই আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

শিক্ষার্থীরা জানান, একসঙ্গে ইফতার করার এই উদ্যোগ তাদের মাঝে নতুন বন্ধন আরও দৃঢ় করবে। অনেকেই এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ডাকসুর কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালাম জানান, ইফতারে অংশগ্রহণের জন্য ১২০০ শিক্ষার্থীকে ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি শিক্ষার্থীদের ইনবক্স ও স্পাম বক্স পরীক্ষা করে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানান। ইফতারের পরও প্রাঙ্গণে লাইটিংয়ের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি, যাতে শিক্ষার্থীরা ছবি ও ভিডিও ধারণ করতে পারেন।

তিনি আরও বলেন, আসন সংখ্যা সীমিত থাকায় একসঙ্গে সবাইকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। পরবর্তী দিনে আরও ১২০০ শিক্ষার্থীকে নিয়ে একই ধরনের আয়োজন করার চেষ্টা চলছে। তবে এ জন্য প্রয়োজনীয় তহবিল এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি।

আয়োজকরা জানান, সারাদিন রোজা রাখার পর ইফতারের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অব্যবস্থাপনা এড়াতেই সীমিত সংখ্যক শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে। পর্যাপ্ত আসন ও ব্যবস্থাপনা নিশ্চিত না করে অধিকসংখ্যক শিক্ষার্থীকে ডেকে এনে বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চায় না ডাকসু।