বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা চালুর উদ্যোগ।
বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা চালুর উদ্যোগ।   ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে তারবিহীন ইন্টারনেট সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ বিষয়ে দ্রুত নির্দেশনা পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বুধবার (২৫ মার্চ) ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)মোহাম্মদ জামিনুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বুধবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬০ কার্যদিবসের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের পাঠাগার, সাধারণ কক্ষ ও খাদ্যালয়ে এই সুবিধা চালুর জন্য নির্দেশনা দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক। পরবর্তীতে আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা বাড়ানো ও বৈষম্য কমানোর লক্ষ্যে সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক মোঃ ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিডিরেন-এর সিইও মোহাম্মদ তৌরিতসহ ইউজিসি, হিট প্রকল্প এবং বিডিরেন-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

সভায় ইউজিসি চেয়ারম্যান দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী-বান্ধব ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে ইউজিসি, হিট প্রকল্প এবং বিডিরেন-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।