ভোটের রাজনীতির ব্যঙ্গ: দেখুন ৫টি মজার সিনেমা
ভোটের রাজনীতির ব্যঙ্গ: দেখুন ৫টি মজার সিনেমা   ছবি: সংগৃহীত

নির্বাচন মানেই শুধু উত্তেজনাপূর্ণ বক্তৃতা আর প্রতিশ্রুতির পাহাড় নয় এর ভেতরে লুকিয়ে থাকে হাস্যরস, নাটক আর কখনো কখনো চরম প্রহসন। বাস্তব রাজনীতির সেই নাটকীয় দিকটাই ব্যঙ্গের মোড়কে তুলে ধরে সিনেমা। কোথাও মিডিয়ার কারসাজি, কোথাও ক্ষমতার লড়াই, আবার কোথাও একেবারে সাধারণ মানুষের অপ্রত্যাশিত উত্থান নির্বাচনী রাজনীতিকে কেন্দ্র করে নির্মিত এসব ছবি দেখায় ভোটের পেছনের অদৃশ্য খেলাগুলো।

ভোটের মৌসুমে মন হালকা করতে বা রাজনীতির অন্য রকম চেহারা দেখতে চাইলে, এই পাঁচটি সিনেমা হতে পারে দারুণ বিনোদন।

‘ব্ল্যাক শিপ’

অভিনয়: ক্রিস ফার্লি, ডেভিড স্পেড
পরিচালনা: পেনেলোপ স্পিরিস

ক্রিস ফার্লির উচ্ছল কমেডি প্রতিভার পূর্ণ ঝলক দেখা যায় এই ছবিতে। গভর্নর পদপ্রার্থী আল ডনেলির নির্বাচনী প্রচারণায় সাহায্য করতে গিয়ে তাঁর ভাই মাইক ডনেলি একের পর এক বিব্রতকর পরিস্থিতির জন্ম দেয়। সৎ রাজনীতি বনাম জয়ের জন্য মরিয়া প্রতিদ্বন্দ্বীর দ্বন্দ্ব এখানে সরলভাবে দেখানো হলেও, ফার্লির উপস্থিতিই ছবির সবচেয়ে বড় শক্তি। কিছু কৌতুক হয়তো অতটা সূক্ষ্ম নয়, তবু আন্তরিকতার কারণে ছবিটি আজও উপভোগ্য।

‘ওয়াগ দ্য ডগ’

অভিনয়: রবার্ট ডি নিরো, ডাস্টিন হফম্যান
পরিচালনা: ব্যারি লেভিনসন

নির্বাচন আর মিডিয়া কীভাবে জনমত গড়ে তোলে এই প্রশ্নের তীক্ষ্ণ উত্তর দেয় এই স্যাটায়ার। প্রেসিডেন্টের কেলেঙ্কারি ঢাকতে ভুয়া যুদ্ধ সাজানোর গল্পের মধ্য দিয়ে দেখানো হয়, বাস্তবতা কীভাবে নির্মিত হয় ক্যামেরার সামনে। মজার ব্যাপার, মুক্তির কিছুদিন পরই বাস্তব রাজনীতিতে ঘটে যাওয়া একটি কেলেঙ্কারি ছবিটির ব্যঙ্গকে আরও বাস্তব মনে করায়। ভোটার হিসেবে আমরা কতটা সহজে প্রভাবিত হই সে কথাই মনে করিয়ে দেয় ‘ওয়াগ দ্য ডগ’।

‘ইলেকশন’

অভিনয়: রিজ উইদারস্পুন, ম্যাথিউ ব্রডেরিক
পরিচালনা: আলেকজান্ডার পেইন

হাইস্কুল ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হলেও এই ছবির রাজনীতি একেবারেই প্রাপ্তবয়স্কদের মতো। অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ট্রেসি ফ্লিকের জয়ের ইচ্ছা আর এক শিক্ষকের ব্যক্তিগত আক্রোশ এই দুইয়ের সংঘাতে তৈরি হয় তীক্ষ্ণ ব্যঙ্গ। নৈতিকতা বনাম জয়ের প্রশ্নে ছবিটি স্পষ্ট করে দেয়, ক্ষমতার লড়াই বয়স বা পরিবেশ মানে না।

‘নেপোলিয়ন ডাইনামাইট’

অভিনয়: জন হেডার, এফ্রেন রামিরেজ, হেইলি ডাফ
পরিচালনা: জ্যারেড হেস

কাল্ট-ক্ল্যাসিক এই ছবিতে স্কুল নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। চুপচাপ, নির্লিপ্ত পেদ্রো সানচেজের প্রার্থিতা আর জনপ্রিয় কিন্তু ফাঁপা প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াইয়ে ফুটে ওঠে আন্ডারডগের গল্প। বাস্তব জীবনের ‘কম খারাপ বিকল্প বেছে নেওয়া’র অনুভূতিকে কৌতুকের ছলে তুলে ধরে ছবিটি। আর নেপোলিয়নের আইকনিক ড্যান্স নির্বাচনী সিনেমার ইতিহাসে অবিস্মরণীয়।

‘দ্য ক্যামপেইন’

অভিনয়: উইল ফারেল, জ্যাক গ্যালিফিয়ানাকিস
পরিচালনা: জে রোচ

আধুনিক মার্কিন রাজনীতির সার্কাসকে খোলামেলা ব্যঙ্গ করে এই সিনেমা। ক্ষমতাসীন প্রার্থী বনাম সাজানো গোছানো আন্ডারডগ বড় অর্থ, ইমেজ মেকিং আর আগ্রাসী প্রচারণা মিলিয়ে রাজনীতি এখানে একেবারে প্রদর্শনী। ছবিটি দেখায়, অনেক সময় নীতির চেয়ে চেহারা, স্লোগান আর মিডিয়া উপস্থিতিই বেশি গুরুত্ব পায়।

কেন দেখবেন?

এই সিনেমাগুলো মনে করিয়ে দেয় রাজনীতি শুধু আদর্শ আর প্রতিশ্রুতির গল্প নয়। এর ভেতরে আছে অভিনয়, আবেগ, কৌশল আর কখনো কখনো নিখাদ হাস্যরস। ব্যঙ্গের আয়নায় রাজনীতিকে দেখতে চাইলে, এই পাঁচ ছবি হতে পারে দারুণ সঙ্গী।

টাইম অবলম্বনে

সিমু/আরটিএনএন