রমজানে হানিয়া আমিরের বিয়ে নিয়ে ফের গুঞ্জন।
রমজানে হানিয়া আমিরের বিয়ে নিয়ে ফের গুঞ্জন।   ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন কখনো অভিনয়ের জন্য, কখনো ব্যক্তিগত জীবন নিয়ে। এবার তাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে বিয়ের গুঞ্জনকে কেন্দ্র করে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের ব্যস্ততার কারণ, আসন্ন রমজানেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী।

পাকিস্তানি গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, গায়ক অসীম আজহারের সঙ্গে হানিয়া আমিরের পুরোনো সম্পর্ক আবারও জোড়া লেগেছে। শুধু সম্পর্ক নয়, রমজান মাসেই দুজনের বিয়ের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে।

গুঞ্জন অনুযায়ী, হানিয়া ও অসীম ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতেই অনুষ্ঠান সেরে ফেলার ভাবনাও নাকি রয়েছে।

তবে এই বিষয়ে এখন পর্যন্ত হানিয়া আমির, অসীম আজহার কিংবা তাদের ঘনিষ্ঠ কোনো সূত্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।

এর আগেও একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছিল, হানিয়া ও অসীম আবার সম্পর্কে ফিরেছেন। যদিও সে সময়ও দুজনের কেউই বিষয়টি নিশ্চিত করেননি।

উল্লেখ্য, ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানি শোবিজের আলোচিত জুটিগুলোর একটি ছিলেন হানিয়া আমির ও অসীম আজহার। পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে জানান, তারা তখন শুধুই ভালো বন্ধু।

অন্যদিকে, হানিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর অসীম আজহার ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন। তবে প্রায় তিন বছর পর সেই সম্পর্কেরও ইতি ঘটে। গত বছরের আগস্টে অসীমের একটি কনসার্টে হানিয়ার উপস্থিতির পর থেকেই আবার শুরু হয় নতুন করে আলোচনা। এসব মিলিয়েই নেটিজেনদের ধারণা, পুরোনো সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে।

সিমু/আরটিএনএন