নব্বইয়ের রঙে নতুন চমক, চর্চায় টেইলর সুইফটের ‘ওপালাইট’।
নব্বইয়ের রঙে নতুন চমক, চর্চায় টেইলর সুইফটের ‘ওপালাইট’।   ছবি: সংগৃহীত

সব বিতর্ক পেছনে ফেলে নতুন উদ্যমে হাজির হলেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। তার দ্বাদশ স্টুডিও অ্যালবাম দ্য লাইফ অব আ শোগার্ল থেকে প্রকাশিত নতুন একক ‘ওপালাইট’-এর মিউজিক ভিডিও ইতোমধ্যেই ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। নব্বই দশকের আবহ, রঙিন উপস্থাপনা আর চেনা মুখের উপস্থিতি ভিডিওটিকে দিয়েছে আলাদা মাত্রা।

ভিডিওটির কনসেপ্ট ও পরিচালনায় নিজেই ছিলেন সুইফট। গত অক্টোবরে যুক্তরাজ্যের জনপ্রিয় টক শো দ্য গ্রাহাম নর্টন শো তে অংশ নেওয়ার সময় সহঅতিথিদের সঙ্গে আড্ডার এক মজার মুহূর্ত থেকেই নাকি এই ভাবনার জন্ম। সে আয়োজনে তার সঙ্গে ছিলেন কিলিয়ান মারফি, ডমনাল গ্লিসন,গ্রেটা লি এবং লুইস ক্যাপালডি। কথোপকথনের এক পর্যায়ে গ্লিসন রসিকতা করে সুইফটের ভিডিওতে অভিনয়ের আগ্রহ জানান সেই মজা থেকেই বাস্তব পরিকল্পনা।

সুইফট সামাজিক মাধ্যমে লিখেছেন, পুরো প্রজেক্টটি ছিল যেন বড়দের এক দলীয় স্কুল অ্যাসাইনমেন্ট। শো’র উপস্থাপক গ্রাহাম নর্টন সহ ওই পর্বের অতিথিরা সবাই ভিডিওতে অংশ নিয়েছেন।

ভিডিওজুড়ে নব্বই দশকের সংস্কৃতির নানা উপাদান পেট রক, এমটিভি ঘরানার ভিজ্যুয়াল, শপিং মলের দৃশ্য আর সে সময়ের বিজ্ঞাপনী ঢঙ দর্শকদের ফিরিয়ে নেয় নস্টালজিয়ায়। গল্পে দেখা যায়, ‘ওপালাইট স্প্রে’ নামের এক কাল্পনিক পণ্যের মাধ্যমে জড় বস্তু প্রাণ পায়। সুইফটের সঙ্গী একটি পাথর, আর গ্লিসনের সঙ্গে থাকা ক্যাকটাস স্প্রে প্রয়োগের পর মানবী রূপে আবির্ভূত হয়।

গানের নাম নিয়েও চলছে আলোচনা। ভক্তদের ধারণা, সুইফটের বাগদত্তা ট্রাভিস কেলসি-এর জন্মরত্ন ‘ওপাল’-এর সঙ্গে নামের মিল থাকায় এতে ব্যক্তিগত ইঙ্গিত থাকতে পারে।

এদিকে মার্কিন ক্রীড়া ইভেন্ট সুপার বোল সামনে রেখে ভিডিও প্রকাশ করায় আলোচনার পারদ আরও চড়েছে। সম্প্রতি ব্লেক লাইভলি কে ঘিরে একটি আইনি বিতর্কে পুরোনো বার্তার সূত্রে সুইফটের নাম এলেও, নতুন এই কাজ সেই নেতিবাচক আলোচনাকে অনেকটাই চাপা দিয়েছে।

সূত্র: সিএনএন

সিমু/আরটিএনএন