ভালোবাসা দিবসে পর্দায় জুটি হয়ে আসছে সজল-সারিকা
ভালোবাসা দিবসে পর্দায় জুটি হয়ে আসছে সজল-সারিকা   ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবস উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও নির্মিত হয়েছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। দীর্ঘদিন ধরে নানা উৎসব ও বিশেষ দিনে প্রচারিত হয়ে আসা এই অনুষ্ঠানটি আবারও দর্শকদের জন্য থাকছে নতুন আঙ্গিকে। অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলা-এর পর্দায়।

এবারের পর্বে গল্পের কেন্দ্রে রাখা হয়েছে একটি দম্পতিকে, যারা বাইরে ঘুরতে না গিয়ে ঘরোয়া পরিবেশেই ভালোবাসা দিবস উদযাপন করেন। তাদের মজার আলাপ, খুনসুটি আর স্মৃতিচারণের মধ্য দিয়ে এগিয়ে যাবে পুরো আয়োজন। দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী সজল ও সারিকা।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে থাকছে গান, নাচ এবং সমসাময়িক বিষয়ভিত্তিক প্রতিবেদন। বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে দুটি নতুন গান। একটি একক গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর-গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কমল ও তানজিনা রুমা। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ এবং সুর-সংগীত পরিচালনায় আছেন নাভেদ পারভেজ।
লোকসংগীতের সঙ্গে বিশেষ নৃত্য পরিবেশনাও থাকছে, যেখানে অংশ নিয়েছেন বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীরা। পাশাপাশি দুটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদনও যুক্ত করা হয়েছে। এর একটিতে উঠে আসবে যশোর অঞ্চলের খেজুরের রসের ঐতিহ্য ধরে রাখতে কাজ করা এক উদ্যোগী মানুষের গল্প। অন্যটিতে দেখা যাবে মানুষের কাছাকাছি পরিবেশে বসবাস করা এক অস্বাভাবিক আচরণের শিয়ালকে নিয়ে চিত্রধারণ।

ভালোবাসা দিবসের বিশেষ এই পর্বে আরও থাকছে ছোট ছোট নাট্যাংশ, যেখানে অংশ নিয়েছেন নিয়মিত অভিনয়শিল্পীরা। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ আয়োজনটি।

সিমু/আরটিএনএন