পাঁচ ব্যাংক একীভূতকরণ চলবে: গভর্নর
পাঁচ ব্যাংক একীভূতকরণ চলবে: গভর্নর   ছবি: সংগৃহীত

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে অতীতে তহবিল তসরুফের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গভর্নরের কার্যালয়ে পাঁচ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ বার্তা দেন।

গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দ্রুত সম্পন্ন করা হবে। বর্তমান পরিচালনা পর্ষদও বহাল থাকবে। একীভূত ব্যাংকের আওতায় থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। উৎপাদন চালু রাখতে বিদেশি দায়-দেনা পরিশোধের ব্যবস্থাও নেয়া হবে।

এর আগে গত রোববার প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর একই অবস্থান তুলে ধরেন। তিনি জানান, ব্যাংক খাতে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করা হবে না। পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে নীতিগত সহায়তা দেয়ার কথাও উল্লেখ করেন। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বন্ধ হওয়া কারখানাগুলো সচল করতে সহায়ক নীতি গ্রহণের ইঙ্গিত দেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ পাঁচটি ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক—একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে।

নতুন ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দেয়া হবে। প্রায় ৭৮ লাখ আমানতকারীর প্রত্যেককে আমানত বীমা তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা করে, মোট ১২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।