বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।   ছবি: সংগৃহীত

দেশে ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১২ এপ্রিল) দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতি ও যুদ্ধের কারণে দেশের মানুষ বর্তমানে শঙ্কার মধ্যে রয়েছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এই সময়ে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেই লক্ষ্য নিয়েই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। 

তিনি বলেন, ভোজ্যতেল নিয়ে আমরা নিয়মিত বৈঠক করি। এটি একটি সংবেদনশীল পণ্য; এর দাম বাড়লে ক্রেতারা অসন্তুষ্ট হন। এজন্য আমরা নিয়মিত বিরতিতে দেশের তেলের সরবরাহ পরিস্থিতি ও আমদানি পর্যালোচনা করি। তবে এই বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কিছু হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এই প্রস্তাব দেয়।

বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।