ইসরায়েলি, হিজবুল্লাহ
টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় ইসরায়েলি বাসিন্দাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে হিজবুল্লাহ।   ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাসিন্দাদের লেবানন সীমান্ত থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত শহরগুলো ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে হিজবুল্লাহ। 

শুক্রবার (৬ মার্চ) সকালে হিব্রু ভাষায় হিজবুল্লাহর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় এই সতর্কতার বিষয়টি জানানো হয়। খবর বিবিসি ফার্সির।

বার্তায় বলা হয়েছে, লেবাননের সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আপনাদের সেনাবাহিনীর লঙ্ঘন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং যে উচ্ছেদ অভিযান তারা চালাচ্ছে—তার জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার রাতের দিকে ইসরায়েলি সেনারা লেবাননের বিরুদ্ধে একাধিক হামলা চালায়। এর আগে তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর—যা হেজবুল্লাহর প্রধান ঘাঁটিগুলোর অন্যতম হিসেবে বিবেচিত—সেখানকার মানুষদের স্থান ত্যাগ করতে বলে।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা অল্প কিছুক্ষণ আগে তেহরানে অবস্থিত ‘ইরানি সন্ত্রাসী শাসনব্যবস্থার’ অবকাঠামোর বিরুদ্ধে একটি “ব্যাপক হামলা” শুরু করেছে।