আনিসুল হক, সালমান এফ রহমান
আনিসুল হক (বামে) এবং সালমান এফ রহমান (ডানে)।   ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের বাকি দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলাটি সোমবার ১১ নম্বর কার্যতালিকায় ছিল। শুরুতে সালমান ও আনিসুলের আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়া শুরু করেন।

সকালেই কারাগার থেকে প্রিজনভ্যানে এনে পুলিশ এই দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে। এর আগে, ৬ জানুয়ারি তাদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী শুনানি করেন। তিনি আসামিদের নির্দোষ দাবি করে চার্জ গঠন না করার আবেদন করেন এবং অব্যাহতির অনুরোধ করেন। তবে প্রসিকিউশন পক্ষ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানায়। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিনটি আদেশ ঘোষণার জন্য নির্ধারণ করেন।

এর আগে, ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ অভিযোগ আমলে নেন এবং একই দিনে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

এমকে/আরটিএনএন