১২ ফেব্রুয়ারি, গণভোট,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটকেন্দ্র, ভোটার, প্রার্থী, পোলিং এজেন্ট,
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, বুথের ভেতরে ছবি তোলায় নিষেধাজ্ঞা   ছবি: আরটিএনএন

সন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে ভোটার, প্রার্থী এবং পোলিং এজেন্টরা মোবাইল ফোন বহন করতে পারবেন। তবে ফোন নিয়ে কেন্দ্রের ভেতরের গোপন কক্ষে [যেখানে ভোট দেওয়া হয়] যাওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, 'মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং তাদের এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন। কিন্তু গোপন কক্ষ, যেখানে স্টাম্পিং হয়, সেখানে করবেন না। এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি; যাতে এই ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে।'

এর আগে গত রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, ভোটকেন্দ্রের ৪০০ (চারশ) গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। আজকের বক্তব্যের মাধ্যমে কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালো।

নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা প্রসঙ্গে ইসি সচিব বলেন, 'ভোট নিয়ে শঙ্কাই নেই। বেশি সময় আর বাকি নেই। আগামীকাল মঙ্গলবার  (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যেন কোনো প্রচারণা না চলে, সেদিকে লক্ষ্য রাখা হবে। ডিজিটাল প্রচারণা কঠোরভাবে মনিটরিং করা হবে।'

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আখতার আহমেদ বলেন, 'এখন পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। মারাত্মক কোনো খবর আসেনি। তবে দুটি প্রাণহানির ঘটনা ঘটেছে যা অত্যন্ত দুঃখজনক। প্রাণহানির মতো ঘটনা সবসময়ই নিন্দনীয়।'

ইসির বিধিনিষেধে যা ছিল

'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ সংক্রান্ত বিধিনিষেধ'- শীর্ষক নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছিল। 

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত ওই নির্বাচনি এলাকায় অবস্থান করতে পারবেন না। 

আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিম্নে বর্ণিত ব্যক্তিগণ ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না এই মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

১. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার

২.ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং

৩. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি এর নির্বাচন সুরক্ষা ২০২৬ এপ্লিকেশন ব্যবহারকারী দুই জন আনসার সদস্য। 

এদিকে, কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় আরও বলা হয়, নির্বাচনি কার্যক্রমে ৪ দিন অত্র এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।