রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল।   ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ‘মুজিব প্রেমিক বাংলার নারী’ ব্যানারে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের সাত নেত্রীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

‎পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাতজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করে চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

‎এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে সাতজন নারী ও এক মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করেছি। এ সময় মাইক্রোবাস ও বিভিন্ন প্লাকার জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।