ঘরে বসেই কাটুন ঈদের ট্রেনের টিকিট।
ঘরে বসেই কাটুন ঈদের ট্রেনের টিকিট।   ছবি: সংগৃহীত

রেলওয়ে যাত্রীদের ভোগান্তি কমাতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

কীভাবে টিকিট কাটবেন, তার বিস্তারিত পদ্ধতি নিচে দেওয়া হলো:

টিকিট কাটার জন্য প্রথমেই আপনাকে বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইটে একবার নিবন্ধন করতে হবে। প্রথমে eticket.railway.gov.bd ঠিকানায় প্রবেশ করুন। ওয়েবসাইটের উপরে ডান দিকে থাকা ‘রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করে আপনার ব্যক্তিগত তথ্য দিন। তথ্য পূরণের পর ‘ভেরিফাই’ বাটনে চাপ দিলে আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে। সেটি দিয়ে সাবমিট করলেই নিবন্ধন সম্পন্ন হবে এবং আপনি স্বয়ংক্রিয়ভাবে লগইন হয়ে যাবেন।

টিকিট খোঁজা ও আসন নির্বাচনের জন্য আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সরাসরি মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আপনার ভ্রমণের তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য এবং ট্রেনের শ্রেণি (যেমন- শোভন চেয়ার, স্নিগ্ধা) নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ বাটনে ক্লিক করুন। তখন ওই রুটের ট্রেনের তালিকা, আসন খালি থাকার তথ্য এবং ট্রেন ছাড়ার সময় দেখতে পাবেন। পছন্দের ট্রেনটি বেছে নিয়ে ‘ভিউ সিটস’-এ ক্লিক করে খালি আসনগুলো দেখে নিন।

আসন পছন্দ করার পর ‘কন্টিনিউ পারচেজ’ অপশনে যান। পুনরায় মোবাইলে আসা ওটিপি দিয়ে সামনের ধাপে অগ্রসর হন। মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের দাম পরিশোধ করুন। পেমেন্ট সফল হলে আপনার ই-টিকিটটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। পাশাপাশি আপনার ই-মেইলেও টিকিটের একটি কপি পাঠানো হবে।

ভ্রমণের সময় ডাউনলোড করা পিডিএফ কপিটি মোবাইলে দেখালেই চলবে। তবে কেউ চাইলে ই-মেইল থেকে টিকিটটি প্রিন্ট করে নিয়ে তার সাথে একটি ফটো আইডি (যেমন- এনআইডি) রেখে মূল স্টেশন থেকেও ছাপানো টিকিট সংগ্রহ করতে পারবেন। 

এমআর/আরটিএনএন