নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে।   ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে জামায়াতে ইসলামীর এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে উদ্দেশ্য করে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধ করে রাখা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে।

মঙ্গলবার (৩ মার্চ ) ইফতারের আগমুহূর্তে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিকের এক নম্বর গেট এলাকার একটি পোশাক কারখানার ভেতর অবরুদ্ধ হয়ে আছেন আব্দুল্লাহ আল আমিন।

কারখানাটির বাইরে হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নিয়ে আছেন।

সেখানে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদকেও তার অনুসারীদের নিয়ে অবস্থান করতে দেখা যায়।

অবস্থান নেওয়া ব্যবসায়ীদের মধ্যে বিসিক মালিক সমিতির পরিচালক কবির হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা জামায়াতের দাওয়াতে এসেছি। অনুষ্ঠানে এমপি কাকে ফ্যাসিস্টের দোসর বলেছেন, তা আমরা জানতে চাই। আমরা সে কারণে অবস্থান নিয়ে আছি।’ তবে স্বেচ্ছাসেবক দলের রাসেল গণমাধ্যমে কথা বলতে চাননি।

পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশ বিসিকে অবস্থান নিয়েছেন।

এমপিকে অবরুদ্ধ করে রাখা ভবনটিতে কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ।

তবে মুঠোফোনে আব্দুল্লাহ আল আমিন জানান, তারা পাঁচতলা ভবনের চতুর্থ তলায় আছেন। সেখানেই ইফতারের অনুষ্ঠানটি চলছিল। ভবন থেকে তারা বের হতে পারছেন না।

সংসদ সদস্য বলেন, ‘শুধু হাতেমের অনুসারী ব্যবসায়ী-শ্রমিকরা নন, স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল তার গুণ্ডাপাণ্ডা নিয়ে দাঁড়িয়ে আছেন নিচে। আমি নিরাপত্তা নিয়ে শঙ্কা বোধ করছি না। পুলিশ আছে, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও জানিয়েছেন যে তারা আসছেন।’

এমপি অবরুদ্ধের খবর পেয়ে বিসিকে আসার পর হাতেমের অনুসারীরা এনসিপির কয়েকজনকে মারধর করেছে বলেও অভিযোগ করেন এই সংসদ সদস্য।